Take a fresh look at your lifestyle.

ঢাকা ও ওয়াশিংটন সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আশাবাদী

৫৫

হেলথ ইনফো ডেস্ক :
ঢাকা ও ওয়াশিংটন আশা প্রকাশ করেছে যে, আগামী বছরগুলোতে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব হবে। দুই দেশ তাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী ও কার্যকর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ভিত্তি হিসেবে পারস্পরিক শ্রদ্ধাবোধ, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের প্রতি প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন অংশীদারিত্ব, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চলমান সহযোগিতা পর্যালোচনা করেন দুই পক্ষ।

আলোচনায় আগামী মার্চের শুরুতে পল কাপুরের ঢাকা সফরের বিষয়ও উঠে আসে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে তাঁর এই সফর দুই দেশের উচ্চপর্যায়ের চলমান সম্পৃক্ততার প্রতিফলন বলে উল্লেখ করা হয়।

রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছা ও টেকসই প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

Leave A Reply

Your email address will not be published.