Take a fresh look at your lifestyle.

৪৮তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজারের বেশি চিকিৎসকের যোগদান

১১৭

হেলথ ইনফো ডেস্ক :
৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে নতুন নিয়োগ পাওয়া মোট তিন হাজার ২৬৩ জন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের মধ্যে দুই হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) এ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, স্বল্প সময়ে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ একটি যুগান্তকারী ঘটনা। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পদ সৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিতে যোগদান নিশ্চিত করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান আরও বলেন, পদায়নের ক্ষেত্রে মানবিক দিকও বিবেচনায় রাখা হচ্ছে। দম্পতি চিকিৎসক কিংবা যাঁদের স্বামী বা স্ত্রী চাকরিজীবী, তাঁদের একই এলাকায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের বিষয়েও বিশেষ বিবেচনা করা হবে। তিনি জানান, পদায়ন হবে মেধাভিত্তিক, পাশাপাশি এতে মানবিক উপাদানও যুক্ত থাকবে।

তিনি আরও বলেন, তরুণ এই তিন হাজার ২৬৩ জন চিকিৎসক স্বাস্থ্যব্যবস্থায় যুক্ত হলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। কারণ, তাঁদের নিয়োগ প্রক্রিয়া ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে এবং পদায়নও ন্যায্যতার ভিত্তিতেই হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের যোগদান কার্যক্রম পরিদর্শন করেন।

Leave A Reply

Your email address will not be published.