নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক হেনস্থার অভিযোগে এক চিকিৎসককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটক চিকিৎসকের নাম ডা. ফেরদৌস রায়হান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই চিকিৎসক তার জুনিয়র ও সিনিয়র সহকর্মী নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুম ও চেঞ্জিং রুমে গোপনে ক্যামেরা স্থাপন করে ভিডিও ধারণ করছিলেন এমন অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিকভাবে তিনি এসব কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সূত্র জানায়, অভিযুক্ত চিকিৎসকের কাছে বিপুল সংখ্যক ভিডিও থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নারী চিকিৎসকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী নারী চিকিৎসকরা জানান, এ ধরনের ঘটনা চিকিৎসা পেশার মর্যাদা ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। তারা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নীতিমালা অনুযায়ী অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি ও চিকিৎসক হিসেবে তার নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাসপাতাল প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।