হেলথ ইনফো ডেস্ক :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ঢাকা জেলার আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং কমিটি ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিয়েছে ঢাকার জেলা প্রশাসন। রোববার (৫ জুলাই) ঢাকা জেলা প্রশাসনের এক চিঠিতে এ তথ্য জনানো হয়।
জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘শিক্ষার সাথে শিখি আজ, পরিচ্ছন্নতা সবার কাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সমন্বয়ে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত, শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাধ্যমে নিজ নিজ শ্রেণিকক্ষ স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন রাখা, শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেন, করিডোর, খেলার মাঠ, খালি জায়গা, ফুলের টব ও পানি জমে থাকতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কার প্রদানেরও নির্দেশনা দেওয়া হয়েছে এতে।
চিঠি অনুযায়ী , আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্ধারিত কাঠামো অনুযায়ী ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে জেলা প্রশাসনকে অবহিত করতে হবে। এ কমিটির সভাপতি থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। এছাড়া একজন অভিভাবক প্রতিনিধি, সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা পরিদর্শক অথবা উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত প্রতিনিধি, দুইজন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মনোনীত একজন শিক্ষক সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখার কার্যক্রমটি সম্পূর্ণ শিক্ষামূলক ও সচেতনতামূলক। তাই কোনো অবস্থাতেই তাদের দিয়ে ঝুঁকিপূর্ণ, চিকিৎসা বর্জ্য বা অস্বাস্থ্যকর বর্জ্য অপসারণ করানো যাবে না। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
ঢাকা জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।


