Thursday, June 25, 2026
Google search engine
Homeঅপরাধবাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তারের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম, সেবার মান, রোগীদের খাবারের গুণগত মান এবং বিশুদ্ধ পানির সংকট সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে দাবি করেছেন।

সাংবাদিকদের অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম ও সেবার মান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অংশ হিসেবে কয়েকজন সাংবাদিক ডা. সুমি আক্তারের কার্যালয়ে যান।

তারা বিভিন্ন অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি সহযোগিতামূলক আচরণ না করে বিরূপ প্রতিক্রিয়া দেখান। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে তিনি সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বলেন, “বাকেরগঞ্জের অধিকাংশ সাংবাদিক ফাইভ পাস।” সাংবাদিকদের দাবি, এ বক্তব্যের ভিডিওচিত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। সাংবাদিকদের অভিযোগ, বক্তব্য গ্রহণের সময় তিনি একাধিকবার ‘সাংবাদিক’ শব্দটি ‘সাম্বাদিক’ হিসেবে উচ্চারণ করেন। বিষয়টি উপস্থিত সাংবাদিকদের মধ্যে অস্বস্তি ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান বলেন, “জনস্বার্থে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব। সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের উচিত গণমাধ্যমের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা। কিন্তু তথ্য দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক।

বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আল-আমিন মিরাজ বলেন, “সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।” ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাদের মতে, সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ও সেবার মান সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ কিংবা অবমাননাকর মন্তব্য গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. সুমি আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর এ এলাহী বলেন, “একজন সরকারি কর্মকর্তা হিসেবে সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা করা স্বাভাবিক দায়িত্বের অংশ। যদি সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণের ঘটনা ঘটে থাকে, তবে তা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি খতিয়ে দেখা হবে।” এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments