নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন সহ ৬ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার দুপুর থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের সামনে এই বিক্ষোভ করে তারা। এর সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরিক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দিয়েছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরাও।

আন্দোলনকারীরা জানান, নতুন পে স্কেলের সাথে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বি এম ইউ, বি সি পি এস পরীক্ষার ফি কমিয়ে ১ হাজার টাকার মধ্যে আনতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করা সহ ৬ দফা দাবী জানান তারা। এ দাবী দ্রুত সময়ে মেনে নেয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের।
পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে মেডিকেল কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে হাসপাতালের মূল ফটকের সামনে মানববন্ধন করেন।


