হেলথ ইনফো ডেস্ক :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৮ জন রোগী ধরার দালাল আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটকন করে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতদের মধ্যে ৬ জন নারী। তারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন তারা।
বরিশালের জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা জানান, দীর্ঘদিন ধরেই দালাল চক্র রোগীদের ভুল বুঝিয়ে সরকারি হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছিল। আমরা অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছি। এর মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক ছিল।
আটককৃতদের মধ্যে ৫ জনের প্রত্যেককে ৭ দিন কারাদণ্ড ও ১ শত টাকা করে জরিমানা, ২ জনের প্রত্যেককে ৪ দিন কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা এবং ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, সোমবার (১১ মে) স্বাস্থ্য ও০০০ পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দালালদের দৌরাত্ম্য দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের আটকের জন্য প্রশাসনকে কঠোর নির্দেশ দেন।


