হেলথ ইনফো ডেস্ক :
বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম প্রতিরোধে যাদের টিকা দেওয়া হয়েছে, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে চার সপ্তাহ তথা এক মাসের মতো সময় লাগবে। এরপর দেশে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১১ মে) সকালে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে দায়িত্বে থাকা এক কর্মীকে অনুপস্থিত দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী চার বছর পরপর হামের টিকাদান কার্যক্রম পরিচালিত হওয়ার কথা ছিল। কিন্তু ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় শিশুদের একটি বড় অংশ টিকার আওতার বাইরে থেকে যায়। এর ফলেই বর্তমানে হামের সংক্রমণ বেড়েছে।
হাম-রুবেলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এই রোগ মোকাবেলায় আমাদের হাতে কোনও ভ্যাকসিন ছিল না। খুব অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছি, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এখন রোগীর সংখ্যা কমে আসছে। আগের সরকার টিকা সংগ্রহ কিংবা সচেতনতামূলক প্রচারণা কোনোটাই চালায়নি।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি। প্রতিরোধমূলক ব্যবস্থার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় মোবাইল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
হামের তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, কোনও কিছুর তদন্ত নিয়ে আমি এখন উৎসাহিত নই। তদন্ত পরে হবে, আগে শিশুদের বাঁচাতে হবে।
এর আগে সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী বরিশাল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পৌঁছান। তিনি প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসকদের হাজিরা খাতা পরিদর্শন করেন এবং হাসপাতালের পুরাতন ভবন ঘুরে দেখেন।
পরিদর্শনকালে দায়িত্বে থাকা এক কর্মীকে অনুপস্থিত দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।


