Barishal Health Info

৪৬তম বিসিএসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ, শুরু ১১ মে

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৪৬তম পরীক্ষায় বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত এক হাজার ৪৫১ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত প্রকাশ করা হয়। এতে অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ থেকে ১৪ মে পর্যন্ত ঢাকার ৯টি হাসপাতালে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার ৯টি হাসপাতালের কেন্দ্রগুলো হলো—

১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।

৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।

৪. জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।

৫. ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, শেরেবাংলা নগর, ঢাকা।

৬. জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।

৭. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান, শেরেবাংলা নগর, ঢাকা।

৮. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।

৯. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

স্বাস্থ্য পরীক্ষা সময়

প্রতিদিন সকাল সাড়ে আটটায় থেকে শুরু হবে।

স্বাস্থ্য পরীক্ষার ফি

পঞ্চাশ (৫০/-) টাকা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক পিএলসি বা যেকোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে ফি প্রদান করতে হবে এবং মূল কপি বোর্ডে জমা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সদস্যদের ফি বাবদ অতিরিক্ত পঞ্চাশ টাকা বোর্ডের কাছে দাখিল করতে হবে।

প্রার্থীদের জন্য নির্দেশনা

১. প্রত্যেক প্রার্থীর জন্য নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার তারিখের আগের কর্মদিবসে সকাল ১০টায় নিজ প্রতিষ্ঠানে ডোপ টেস্ট সম্পন্ন করে ওই দিনেই রিপোর্ট প্রদান করতে হবে।

২. যে তারিখে মেডিকেল বোর্ড অনুষ্ঠিত হবে, সেই তারিখের আগের পাঁচ কর্মদিবসের মধ্যে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো এক বা একাধিক সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে করতে হবে এবং পরীক্ষাগুলোর রিপোর্ট ন্যূনতম মেডিকেল অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।

৩. পিএসসি কর্তৃক প্রদত্ত প্রিলিমিনারি পরীক্ষার ছবিসহ প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

Exit mobile version