Take a fresh look at your lifestyle.

শের-ই-বাংলা মেডিকেল কলেজ জার্নাল ক্লাবের উদ্যোগে ‘রিসার্চ ফেস্ট’ অনুষ্ঠিত

৫৭

হেলথ ইনফো ডেস্ক :
শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) রিসার্চ অ্যান্ড জার্নাল ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো ‘রিসার্চ ফেস্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কলেজের ৪ নম্বর গ্যালারিতে এ আয়োজন করা হয়, চলে দুপুর ৩টা পর্যন্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সৈয়দ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ডা. একেএম মশিউল মুনীর।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ বাকী বিল্লাহ বলেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণা বিষয়ে নতুন আগ্রহ তৈরি হবে। একসময় গবেষণায় পিছিয়ে থাকলেও বর্তমানে শেবাচিমের অগ্রগতি সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে প্রতি বছর এমন আয়োজন অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ প্রশংসনীয়। শেবাচিম জাতীয় পর্যায়ে এ ধরনের আয়োজন করবে—এমন প্রত্যাশা জানিয়ে তিনি রিসার্চ অ্যান্ড জার্নাল ক্লাবকে ধন্যবাদ জানান।

জার্নাল ক্লাবের কোর টিম কো-অর্ডিনেটর মো. তাউসিফ মুনতাসির, নুসরাত জাহান মুমু ও জারিন বিনতে হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আহসান হাবিব শিহাব, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, এনেস্থিসিয়া বিভাগের অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. হানিফ হাওলাদার, ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেফায়েতুল হায়দার, কমিউনিটি মেডিসিন বিভাগের ডা. রশীদুল আলম, ডা. মাহবুবুর রহমান, মেডিসিন বিভাগের ডা. এফ আর খান, মাইক্রোবায়োলজি বিভাগের ডা. আকবর কবীর, প্যাথোলজি বিভাগের ডা. প্রবীর কুমার সাহা, ফিজিওলজি বিভাগের ডা. ওয়াহিদা সুলতানা ও বায়োকেমিস্ট্রি বিভাগের ডা. খাজা বদরুদ্দোজা প্রমুখ।

রিসার্চ ফেস্টে চারটি ক্যাটাগরিতে মেডি অলিম্পিয়াড, ওয়াল ম্যাগাজিন, রিসার্চ প্রোপোজাল ও অ্যাবস্ট্রাক্ট সাবমিশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষেদিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া গবেষণাবিষয়ক তিনটি পৃথক টপিকে কর্মশালার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গবেষণার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে ধারণা লাভ করেন।

Leave A Reply

Your email address will not be published.