Take a fresh look at your lifestyle.

লুটপাট ও অব্যবস্থাপনার কারণে ‘স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের তহবিল শূন্য’

৫০

হেলথ ইনফো ডেস্ক :
বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনার কারণে বর্তমানে উন্নয়নমূলক কাজের জন্য কোনো তহবিল অবশিষ্ট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) অনুযায়ী, গাইবান্ধা-৪ আসনের সরকার দলীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালটি ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে হাসপাতালের প্রবেশপথের পাশেই বাথরুম স্থাপন করা হয়েছে, যা ব্যবহারে চরম ভোগান্তি তৈরি করছে।

মন্ত্রী আরও বলেন, তড়িঘড়ি করে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, ফলে কাঠামোগত মান ও পরিকল্পনায় বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনও তহবিল নেই। এমনকি আপনি শুনে অবাক হবেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যন্ত আমাদের গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মতো পর্যাপ্ত টাকা নেই।

তিনি জানান, ‘দেশের স্বাস্থ্য খাতের এই সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই-তিন দফা আলাপ হয়েছে। আগামী বাজেটের পর আমরা পর্যায়ক্রমে আমাদের সীমিত সম্পদের ভেতর থেকে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যতটুকু অবকাঠামো উন্নয়নের প্রয়োজন আমরা ততটুকু করবো।

সরকার ধীরে ধীরে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.