Take a fresh look at your lifestyle.

রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ৪০ আইসিইউ বেড চালুর নির্দেশ

৫৯

হেলথ ইনফো ডেস্ক :
রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দ্রুত ৪০টি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানিয়েছেন, এই হাসপাতালে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে আইসিইউ সেবার বিশেষ ব্যবস্থা রাখা হবে।

রোববার (২৯ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের বিশেষায়িত অ্যাজমা সেন্টারে নবনির্মিত আইসিইউ বেডগুলোর প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত এই সেবাটি চালুর নির্দেশ দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা হাসপাতালের ফ্লোরগুলো ঘুরে দেখেন। পরে সেই স্থানগুলো সংস্কার করে গড়ে তোলা আধুনিক আইসিইউ ইউনিট ও চিকিৎসা সরঞ্জামাদি পর্যবেক্ষণ করেন তিনি।

ড. এম এ মুহিত বলেন, “সাধারণ মানুষ যাতে কম খরচে ও সুলভ মূল্যে আইসিইউ সেবা পেতে পারে, সে জন্য এই ইউনিটটি দ্রুত চালু করতে হবে। আমাদের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা এবং প্রত্যেক নাগরিকের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের পরিত্যক্ত স্থান সংস্কার করেই এই নতুন আইসিইউ ব্লকটি নির্মাণ করা হয়েছে। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত জটিল রোগীদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক পরিবেশের উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.