Take a fresh look at your lifestyle.

যত দ্রুত সম্ভবন হামের টিকা আসার পরপরই দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৮৪

হেলথ ইনফো ডেস্ক :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, ২০১৮ সালের পর থেকে দেশে হামের টিকা দেয়া হয়নি। বিভিন্ন সংক্রামক রোগের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যতো তাড়াতাড়ি সম্ভব টিকা আসবে। আর টিকা আসার পরপরই দেয়া শুরু হবে।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্ত্রী জানান, সংক্রামক রোগ প্রতিরোধ, মা-শিশু স্বাস্থ্যের উন্নতিসহ স্বাস্থ্য খাতের উন্নয়নে ৫ বছরের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, খুব শিগগিরই এই ওয়ার্কিং গ্রুপ গঠন হবে। এতে ৫ জন্য সদস্য থাকবেন। মে মাসের মধ্যে কর্মপরিকল্পনা দেবে তারা।

এদিকে জাতীয় টিকা কমিটি জানিয়েছে, হাম মোকাবিলায় সারাদেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি শিশুকে জুনে টিকা দেয়া হবে। স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ইউনিসেফকে এরইমধ্যে টিকার জন্য টাকা দেয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই টিকা প্রাপ্তির আশা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আগামী ৫ বছরের পরিকল্পনা, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তি দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সেসব নিয়ে কথা হয়েছে। কারিগরি সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.