Barishal Health Info

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

হেলথ ইনফো ডেস্ক :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে দশ বছর বয়সী দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মেডিকেল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে লাশ দুইটি উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
মৃত মো. আরাফাত মল্লিক (১০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ও ঢাকার একটি মাদরাসার ছাত্র এবং মৃত আকাশ (১০) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে ও বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

মৃত আকাশের চাচা মাসুদ জানান, আকাশ তাদের সঙ্গে বরিশাল নগরের বান্দরোডস্থ চরের বাড়ি এলাকায় বসবাস করে। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়, এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের দিঘি থেকে আকাশের লাশ উদ্ধারের খবর পাই।

অপরদিকে আরাফাত মল্লিকের মামা সুরুজ জানান, আরাফাত বাবা-মায়ের সাথে ঢাকায় থাকে। কোরবানির ঈদ উপলক্ষে গতকাল ঢাকা থেকে বরিশালে তার মামা বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের দীঘিতে আসছিল। এরপর সেই দিঘি থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।

বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘির ঘাটলাতে আসেন তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

Exit mobile version