Take a fresh look at your lifestyle.

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভাকে ড্যাবের শুভেচ্ছা

৩১

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় এবং তাঁর নেতৃত্বে নবগঠিত মন্ত্রিপরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক যৌথ বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নবগঠিত বিএনপি সরকার অংশগ্রহণমূলক গণতন্ত্র, জবাবদিহিমূলক প্রশাসন ও আইনের শাসন সুসংহত করার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশাবাদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃশ্যমান অগ্রগতি হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে একটি উন্নত বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ড্যাব নেতৃবৃন্দ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপিকেও শুভেচ্ছা জানান। তারা বলেন, স্বাস্থ্যখাতে কাঠামোগত সংস্কার, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাজেট বৃদ্ধি, চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা সংরক্ষণ এবং গ্রামীণ পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দেবে বলে তারা আশাবাদী।

দেশের চিকিৎসক সমাজ জনকল্যাণ ও জাতীয় অগ্রগতির স্বার্থে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পরিশেষে ড্যাব নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, দেশপ্রেমিক এই সরকার একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।

Leave A Reply

Your email address will not be published.