হেলথ ইনফো ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনার পর আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছু সময় চিকিৎসাধীন থাকার পর সোহরাওয়ার্দী থেকে চলে যান তিনি।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক চিকিৎসক মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেন মেঘমল্লার বসু। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর হাসপাতাল থেকে চলে যান তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেঘমল্লার বসু ব্রোমাজিপাম জেনেরিকের ২০টি ট্যাবলেট খেয়ে ফেলেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল রয়েছে।
তবে কেন মেঘমল্লার বসু এই কাজ করেছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
মেঘমল্লার সোহরাওয়ার্দী থেকে চিকিৎসা নেওয়ার পর রাজধানীর আসাদ গেটে একটি হাসপাতালে যান বলে একাধিক চিকিৎসক জানিয়েছেন। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।