Take a fresh look at your lifestyle.

ক্ষমতায় গেলে শিশু ও ষাটোর্ধ্বদের ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা জামায়াতের

৮৩

হেলথ ইনফো ডেস্ক :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ৬০ বছরের ঊর্ধ্বে এবং পাঁচ বছরের নিচে সবার জন্য বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতে জিডিপির ৬ থেকে ৮ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া নারী, শিশু, কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য নানামুখী কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, নারীদের গর্ভাবস্থায় প্রাথমিক চিকিৎসা বিনা মূল্যে দেওয়া হবে এবং নারীদের জন্য উচ্চশিক্ষাও বিনা খরচে নিশ্চিত করা হবে। পাশাপাশি ‘ফার্স্ট হান্ড্রেড ডেইজ প্রোগ্রাম’-এর আওতায় প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে জামায়াত আমির বলেন, মেধার ভিত্তিতে গ্রাজুয়েটদের জন্য দুই বছর মেয়াদি মাসিক ১০ হাজার টাকা করে সুদবিহীন ঋণের ব্যবস্থা করা হবে। প্রথম পর্যায়ে ৫ লাখ গ্রাজুয়েট এই সুবিধা পাবেন। এ ছাড়া প্রতিবছর বহির্বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ১০০ জন শিক্ষার্থীকে সুদমুক্ত ঋণ দিয়ে সরকারিভাবে পাঠানো হবে।

নারীদের উচ্চশিক্ষার প্রসারে ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজকে একীভূত করে ঢাকায় বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্য ও সামাজিক সেবায় আধুনিকায়নের অংশ হিসেবে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়, যেখানে জাতীয় পরিচয়পত্র, টিআইএন, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুবিধা এক কার্ডেই সংযুক্ত থাকবে।

শিল্প ও কৃষি খাত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, প্রথম তিন বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ করা হবে। কৃষকদের জন্য থাকবে সুদবিহীন ঋণের ব্যবস্থা। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পুনরায় চালু করা হবে এবং এসব কারখানার ১০ শতাংশ মালিকানা শ্রমিকদের দেওয়া হবে।

স্বাস্থ্যসেবা বিস্তারে প্রতিটি জেলায় একটি করে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান তিনি। একই সঙ্গে দেশের সব শিশুকে বিনামূল্যে খাদ্য সরবরাহের প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির।

Leave A Reply

Your email address will not be published.