Barishal Health Info

বরিশাল সিটি কর্পোরেশনে প্রায় শতভাগ সফল হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :
মাসব্যাপী পরিচালিত জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে সিটি কর্পোরেশনের নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ অর্জিত হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে মোট লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৫০৬ জন শিশু। এর মধ্যে ৪৩ হাজার ৪৫২ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ।

সংশ্লিষ্টরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আরও ১০ দিন এ টিকাদান কার্যক্রম চালু থাকবে। যেসব শিশু এখনো টিকার আওতার বাইরে রয়েছে, তারা আগামী ১০ দিনের মধ্যে নগরীর নির্ধারিত কেন্দ্রগুলো থেকে হাম-রুবেলা টিকা গ্রহণ করতে পারবে।

এদিকে, মাসব্যাপী পরিচালিত এ কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, স্কুলশিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের কারণেই এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

Exit mobile version