হেল্থ ইনফো ডেস্ক :
নাটোরে সদ্য ভুমিষ্ট এক নবজাতকের মৃত্যুর জন্য চিকিৎসায় অবহেলার অভিযোগ করে চিকিৎসকের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুর করেছেন নিহত শিশুর স্বজনরা।
আজ (১২ জুলাই) রোববার দুপুরে শহরের পৌর আলাইপুর এলাকায় নাটোর মা ও শিশু সদনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমানের বরাতে জানা যায়, রোববার সকালে আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের বাবু হোসেনের অন্তঃস্বত্ত্বা স্ত্রী রুমি বেগমকে নাটোর মা ও শিশু সদনে ভর্তি করা হয়। পরে রুমি বেগমের প্রসব যন্ত্রণা শুরু হলে চিকিৎসক জানান শিশুটি অপরিপক্ক এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় পেটের মধ্যে রয়েছে। পরে দ্রুত স্বাভাবিকভাবে প্রসব করানো হয়।
ভুমিষ্ট নবজাতকের শরীরে অক্সিজেন সমস্যা থাকায় নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রোগীর স্বজনরা নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। এই সংবাদ পেয়ে নবজাতকের স্বজনরা উত্তেজিত হয়ে মা ও শিশু সদনে গিয়ে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা করার পাশাপাশি হাসপাতালের জানালা ও টেবিলের কাঁচ ভাঙচুর করেন।
নিহত নবজাতকের মা রুমি জানান, গতকাল শনিবার তিনি প্রসব ব্যথা নিয়ে ম্যাটারনিটি হাসপাতালে গেলে তার আলটাসনোগ্রাফি এবং অন্যান্য পরীক্ষা করা হয়। পরীক্ষার পর রোগীর সিজারিয়ান অপারেশন দরকার বলে জানানো হয়। কিন্তু রোগীর স্বজনরা সিজারিয়ান অপারেশন করতে অপারগতা প্রকাশ করে বাড়ি ফিরে যান। এর মধ্যে বাড়ি গিয়ে প্রসব ব্যথা বাড়লে আজ রোববার সকালে তারা মেটারনিটি হাসপাতালে যান। সেখানে তাদের জোরাজোরিতেই অপারেশন ছাড়া বাচ্চা প্রসব করানো হয়।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, প্রসূতির স্বজনদের অভিযোগ সঠিক নয়। তার তাবি, তিনি হাসপাতালে ছিলেন। যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীর স্বজনদের জোরাজোরিতে তার নরমাল ডেলিভারি করানো হয়।


