Take a fresh look at your lifestyle.

দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় জনসচেতনতা বৃদ্ধির দাবি ড্যাবের

৫১

হেলথ ইনফো ডেস্ক :
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাসডুবির ঘটনায় জনসচেতনতা বৃদ্ধি ও জননিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারির দাবি জানিয়েছে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

এছাড়াও দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে ‘সৌহার্দ্য পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস ডুবে এখন পর্যন্ত প্রায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে তারা বলেন, গতকাল বুধবার বিকেলে সংঘটিত দুর্ঘটনাটি সমগ্র জাতিকে মর্মাহত করেছে। অদক্ষ ও অনুমোদনহীন ব্যক্তিদের দ্বারা যানবাহন চালনার সুযোগ দেওয়া বন্ধে কঠোর নজরদারি, নিয়মিত মনিটরিং এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।

বিবৃতিতে তারা আরও বলেন, চালক ও চালকের সহকারীদের যথাযথ প্রশিক্ষণ ও লাইসেন্স যাচাই বাধ্যতামূলক করা এবং পরিবহন কর্তৃপক্ষ ও মালিকপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাহলে ভবিষ্যতে এই ধরনের অবহেলাজনিত দুর্ঘটনার সংখ্যা শূন্যের কোটায় নেমে আসবে।

ড্যাব নেতারা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটিগুলোর কার্যক্রম দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

একইসঙ্গে তারা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও টেকসই পদক্ষেপ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.