হেলথ ইনফো ডেস্ক :
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকটে অনলাইন ও অফলাইনে সমন্বিত (ব্লেন্ডিং) পদ্ধতিতে দেশের শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার।
বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল, বিশেষত মহানগর এলাকার জন্য এই পদ্ধতি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অনলাইন এডুকেশনকে উৎসাহিত করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘যেহেতু বিশ্বব্যাপী সংকট, কেবল বাংলাদেশে নয় এবং আমরা জানি না এই সংকট কতদিন চলবে। এ কারণে আমরা ভাবছি যে, আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ—মানে ব্লেন্ডিং সিস্টেম…সপ্তাহে আমাদের পাঁচ দিন ক্লাস ছিল। আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং দেশে বিভিন্ন রকমের আন্দোলন-টান্দোলন সব মিলিয়ে।
‘আমরা এই স্কুল আওয়ারটাকে সিক্স ডেইজ উইক করছি। এছাড়া, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে আমরা ভাবছি যে, ব্লেন্ডিং করা যায় কি না? অন এবং অফ। সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।
এই পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে জরিপ করেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘৫৫ শতাংশ মানুষ চাচ্ছে অনলাইন। সম্পূর্ণভাবে অনলাইনে যদি যাওয়া হয়, আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি।
আগামী বৃহস্পতিবার কেবিনেট মিটিংয়ে এই প্রস্তাব করা হবে এবং কেবিনেটে আলোচনার পর সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।