হেলথ ইনফো ডেস্ক :
ঈদের আগে সারা দেশে টিকা বহনকারী পোর্টারদের ছয় মাসের বকেয়া বেতন পরিশোধের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছয় মাসের বকেয়া বেতন হিসেবে রোববার প্রত্যেকে ৯০,৬০০ টাকা করে পাবেন বলেও তিনি জানান।
শনিবার (২৩ মে) হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া যন্ত্রপাতি ও স্যালাইন গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, পোর্টাররা অনেক অসন্তুষ্ট ছিল, বিগত সরকার তাদের টাকা দেয় নাই। আর্থিক সীমাবদ্ধতা থাকার পরও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২৬ কোটি টাকার ওপরে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে এই অল্প সময়ের ভেতরে মঞ্জুরি এনেছি।
আমরা ১২ কোটি ৩ লাখ ১১২০০ টাকা ছয় মাসের বেতন হিসেবে ১৩২৬ জন পোর্টারকে সারা দেশে আগামীকাল (রোববার) দেব এবং প্রতিজন ৯০,৬০০ টাকা করে পাবেন। ঈদুল আজহার পরে বাকি ছয় মাসের টাকা আমরা দিয়ে দেব, টাকা আমাদের হাতে আছে।
আমরা দুইবারে দিচ্ছি এই টাকাটা। অলরেডি উপজেলা লেভেলে চলে গেছে, ওদেরকে আগামীকালের ভেতরে পেমেন্ট দিয়ে শেষ করা হবে। পোর্টাররা এই ঈদের আগে টাকা পাবেন পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ করার জন্য।
মন্ত্রী বলেন, আমাদেরকে আরও ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার জন্য আজ ওনারা (রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি) আমাদেরকে ১১টি পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিচ্ছেন, ২৭টি নেবুলাইজার মেশিন দিচ্ছেন। ২৭টি অক্সিজেন ফ্লো মিটার দিচ্ছে এবং এক লাখ স্যালাইন ও আনুষঙ্গিক টিউব। আমরা এগুলো সাতটি হসপিটালে দেব। আমরা ছয়টি হসপিটালে ডেঙ্গুর প্রতিরোধের জন্য এক লাখ ফ্লুইড দিয়েছি। ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ের আগাম প্রস্তুতি হিসেবে আমরা ছয়টি হাসপাতালে এক লাখ দিয়ে রাখছি।
তিনি বলেন, ওনারা (রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি) কিছু নগদ অর্থ দিচ্ছেন আমাদের গরিব রোগীদেরকে হসপিটালে সহযোগিতা করার জন্য। ওনারা ওনাদের নিজেদের হাত দিয়ে আমাদের ২৪০০ গরিব রোগী, যারা হামে আক্রান্ত তাদেরকে ২৪০০ করে টাকা দেবেন। ২৪০০ রোগীকে ২৪০০ করে মোট ৫৭,৬০,০০০ টাকা। হসপিটালের ডিরেক্টরদের সঙ্গে বসে আইডেন্টিফাই করে ওনারা নিজ হাতে নগদ টাকাটা দিয়ে দেবেন।
