Take a fresh look at your lifestyle.

চীনের সহযোগিতা স্বাস্থ্যখাতে বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

৫৬

হেলথ ইনফো ডেস্ক :
স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে এলে স্বাস্থ্যমন্ত্রী তাকে এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব (রুটিন দায়িত্ব) খোরশেদ আলম, ঢাকায় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।

পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে চীন তার সহযোগিতার প্রতিশ্রুতি রক্ষা করবেন।

এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে তারা পিছপা হবে না। তা সাধারণ হাসপাতাল হোক বা বিশেষায়িত হাসপাতাল হোক।

তিনি আরও বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে চীন থেকে চিকিৎসকদল এসেছে।

রোবোটিক রিহেবিলিটেশন সেন্টারে ৮২টি যন্ত্রপাতি দেওয়া হয়েছে। বাংলাদেশি মেডিকেল স্টাফদের চীনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উচ্চ শিক্ষায় নিয়োজিত চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান তিনি।

বৈঠকে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, চীনের সহযোগিতায় প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল উত্তরবঙ্গে হওয়াটাই যুক্তিযুক্ত। যেহেতু উত্তরবঙ্গ অনুন্নত ও অবহেলিত।

Leave A Reply

Your email address will not be published.