Take a fresh look at your lifestyle.

ঈদের দিন দায়িত্বপালনরত চিকিৎসকদের প্রতি ড্যাবের কৃতজ্ঞতা প্রকাশ

১২৫

নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন সময়ে যখন অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসকরা। তাদের এই আত্মত্যাগ, মানবিকতা ও পেশাদারিত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

ড্যাবের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২১টি সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে ঈদের দিন কর্মরত চিকিৎসকদের সম্মাননা জানানো হয়। এ উপলক্ষে চিকিৎসকদের মাঝে ধন্যবাদপত্র ও শুভেচ্ছা স্মারক হিসেবে লাঞ্চ বক্স বিতরণ করা হয়।

যেসব প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়, তার মধ্যে রয়েছে—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, শিশু হাসপাতাল, মহাখালী ডিএনসিসি হাসপাতাল, শ্যামলী টিবি হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালী, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় পঙ্গু হাসপাতাল, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

এ সময় ড্যাব নেতৃবৃন্দ বলেন, ঈদের মতো বড় উৎসবেও চিকিৎসকরা রোগীদের সেবায় যে নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, তা জাতির জন্য গর্বের। তাদের এই অবদানকে সম্মান জানাতেই ড্যাবের এ উদ্যোগ।

চিকিৎসকরাও এই সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও একইভাবে জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.